আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘সাঁকোটা দুলছে’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের চলচ্চিত্রের অর্জন। দেশের সিনেমার ঝুলিতে যুক্ত হলো নতুন এক সম্মান। আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার জিতে নিয়েছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’।

এই সিনেমার জন্য সেরা পরিচালনা বিভাগে ‘বেল্ট অ্যান্ড রোড জুরি স্পেশাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এমন স্বীকৃতি বাংলাদেশের নির্মাতা ও চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে বসেছিল উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর ঘোষণা করা হয় এবারের বিজয়ীদের নাম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘সাঁকোটা দুলছে’। সেখান থেকেই বিশেষ এই স্বীকৃতি অর্জন করে বাংলাদেশের সিনেমাটি।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। গল্পে উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও নানা সামাজিক বিধি-নিষেধের চিত্র।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

প্রতিকূল বাস্তবতার মধ্যে নারীদের নিজস্ব পরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষাই সিনেমাটির মূল উপজীব্য।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির প্রযোজক মনোজ প্রামাণিক। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

এর আগে চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর পোল্যান্ড, মিসরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি।

আন্তর্জাতিক উৎসবের মঞ্চে একের পর এক স্বীকৃতি পাচ্ছে ‘সাঁকোটা দুলছে’। আয়ারল্যান্ডের এই পুরস্কারসহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে তিনটি পুরস্কার অর্জন করেছে চলচ্চিত্রটি।