জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের যৌথ অভিযানে ১১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

Shahrier Islam Pallab
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা পাতা, আতশবাজি ও একটি পুরাতন ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের নুরুল উল্যাহ (৩৫), পিতা-মৃত খয়রুল উল্যাহর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বসতঘর থেকে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা পাতা, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা; ২ হাজার ১৫০ প্যাকেট 'Athithi 7cm Electric Sparklers' নামীয় ভারতীয় তারাবাতি, যার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা এবং ৫৫২ বক্স 'Happy Fire Works' নামীয় তুফান চকলেট আতশবাজি, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট মূল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা।

এ ছাড়া উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের একটি পুরাতন ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি

অভিযানের বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একজনকে পলাতক আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।