গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর বাড্ডার আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ মে) ভোরের দিকে বিস্ফোরণ ঘটে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা একটি ভবনের নিচতলায়। ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।
আরও পড়ুন: মহাখালীতে ৪ তলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন ও একজন দগ্ধ হয়েছেন।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক
এদিকে দগ্ধ শান্তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম বলেন, বাড্ডা থেকে সকালে এক নারীকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে নিয়ে আসা হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।





