শাহজালাল বিমানবন্দরে আগুনে পুড়ছে রুপপুর পরমাণু প্রকল্পের মালামাল
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বৈদ্যুতিক সরঞ্জামসহ বহু পণ্য পুড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় সাত ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মহাখালীতে ৪ তলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন মূলত কার্গো ভবনের আমদানি পণ্যের অংশে ছড়িয়ে পড়ে। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামগুলো সম্পূর্ণ পুড়ে যায় মমতা ট্রেডিং কোম্পানি নামে একটি সিঅ্যান্ডএফ (C&F) প্রতিষ্ঠান এসব সরঞ্জাম খালাসের দায়িত্বে ছিল। প্রতিষ্ঠানটির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন বলেন,
“রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম ছয় দিন আগে দেশে আসে। পরমাণু শক্তি কমিশনের এনওসি (অনুমতি) না পাওয়ায় এখনো খালাস করা যায়নি। রোববার খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে গেছে।”
আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক
ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর পরও ভবনের ভেতরে ধোঁয়া ও পানি পড়ছে। উদ্ধারকাজ এখনো চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





