মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকে ধাক্কা দিলো বাস, নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মতিঝিলের জীবন বীমা টাওয়ারে পুনরায় অগ্নিকাণ্ড: আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।
প্রত্যক্ষদর্শী মুমিন জানিয়েছেন, চট্টগ্রামমুখী বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে নামে।
আরও পড়ুন: আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টি লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।”
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান জানিয়েছেন, এ পর্যন্ত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।





