আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধদের পরিচয়—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ইভা (৬)

আরও পড়ুন: মতিঝিলের জীবন বীমা টাওয়ারে পুনরায় অগ্নিকাণ্ড: আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবারসহ থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে তারা আহতদের উদ্ধার করে দ্রুত ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আরও পড়ুন: আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

তিনি বলেন, বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের মাত্রা কতটা, তা জানা যাচ্ছে না।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।