পদ্মা নদীতে বাস ডুবি, উদ্ধার অভিযানে যাচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে। দুর্ঘটনার ফলে অন্তত ৩০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনা ঘটেছে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে। বাসটি দুর্ঘটনার মুহূর্তে প্রায় ৪০–৪৫ জন যাত্রী বহন করছিল। দুর্ঘটনার সময় মাত্র ৭-৮ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন।

আরও পড়ুন: মহাখালীতে ৪ তলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, স্থানীয় ইউনিট প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে বাসটি নদীর অনেক নিচে তলিয়ে যাওয়ায় আরও দ্রুত ও কার্যকর উদ্ধার কাজের জন্য ঢাকা ও ফরিদপুর থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ইতিমধ্যে বাস শনাক্তকরণের চেষ্টা করছে।

আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক

একাধিক যাত্রী এখনও বাসের ভিতরে আটকা পড়ায় উদ্ধার অভিযানের তৎপরতা অব্যাহত রয়েছে। নদী থেকে বেঁচে ফেরা আব্দুল আজিজ জানান, “চোখের পলকে বাসটি নদীতে পড়ে গেল। আমি জানালা দিয়ে বের হয়ে পাড়ে উঠতে পেরেছি। কিন্তু আমার স্ত্রী, ছয় বছরের সন্তান ও শাশুড়ি বাসের ভিতরে রয়েছেন। তাদের কোনো খোঁজ পাচ্ছি না।”

উদ্যোগী প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ চালাচ্ছে।