জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচালক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১০ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নির্মূল করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন যারা, তালিকা প্রকাশ

র‍্যাব মহাপরিচালক বলেন, “সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত র‍্যাব পুরো বিষয়টি নিবিড়ভাবে মনিটর করবে।

শহীদ মোতালেবের পরিবারের বিষয়ে তিনি বলেন, পরিবারের ক্ষতি অপূরণীয়। একজন স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন, সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতে পারব না, তবে শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব র‍্যাব গ্রহণ করেছে এবং আমরা সবসময় তাদের পাশে থাকব।

আরও পড়ুন: কলাবাগান থানার এসআই নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের এক সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াসিনের নেতৃত্বে একটি রাজনৈতিক কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। এ সময় র‍্যাবের কাছে তথ্য আসে যে, ইয়াসিন সেখানে উপস্থিত থাকতে পারেন। সেই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা কোম্পানির একটি দল সেখানে অভিযান পরিচালনা করতে যায়।

বিকেল পৌনে ৪টার দিকে অভিযানে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে র‍্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এবং মারধর করা হয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।