সেনাবাহিনীকে নির্বাচনে ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণে দায়িত্ব পালনের নির্দেশনা সেনাপ্রধানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন। পরিদর্শনকালে তিনি সেনাবাহিনী ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমে মোতায়েন সেনাসদস্যদের কর্মকাণ্ড সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেনাপ্রধান চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার
মতবিনিময়কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কমান্ড্যান্ট, ইবিআরসি; এ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন; এরিয়া কমান্ডার, কুমিল্লা; এবং চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির





