নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন চলছে, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

বিজিবি মহাপরিচালক সকালে রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকে ঘিরে বিজিবির সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিনে মূল্যায়ন করেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্ব: ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি

বিজিবি মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও নির্দেশ দেন, নির্বাচনকালীন যেকোনো নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

পাশাপাশি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।