ভোটের মাঠ মনিটরিংয়ে বিমানবাহিনীর ইউএভি মোতায়েন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৩৩ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের মাঠ সার্বক্ষণিক মনিটরিং করবে বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (ইউএভি)। দেশের আকাশসীমার মধ্যে থেকে এসব ইউএভি নির্বাচনী পরিস্থিতির ওপর নজরদারি চালাবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।

আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত

তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। সারাদেশে মোট ৩ হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) রোলে একাধিক ইউএভি মোতায়েন করা হয়েছে।

কর্মকর্তারা জানান, মোতায়েন করা ইউএভিগুলো আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত দিকনির্দেশনা দিতে সক্ষম। এসব ইউএভি বাংলাদেশের আকাশসীমা সুরক্ষার একটি কৌশলগত সম্পদ হিসেবেও বিবেচিত, যা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নিবিড় নজরদারিতে নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক

এদিকে নির্বাচন কমিশন (ইসি) এক নির্দেশনায় বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টার দপ্তরে সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে।