মেধা-মননশীলতায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান আইজিপির, ৪০০ শিক্ষার্থী পেল বৃত্তি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৫৯ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেধা ও মননশীলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অব.) অতিরিক্ত আইজিপি ড. এম আকবর আলী বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি (অব.) অতিরিক্ত আইজিপি ইয়াসমিন গফুর পিপিএম।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার

অনুষ্ঠানে আইজিপি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাদের আইন জানা ও মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে এবং সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না; বরং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইজিপি শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাশাপাশি আয়বর্ধক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

এ সময় ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিন শিক্ষার্থী—সৌমিক সরকার দুর্জয়, মাহিন আল হোসেন ও মাহজাবিন জেরিন পুষ্পিতা—পুলিশকে আরও বন্ধুসুলভ ও জনবান্ধব হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ড. এম আকবর আলী বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে প্রাপ্ত অর্থে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়। এর মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে সরাসরি বৃত্তি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয় এবং বাকি ৩০০ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।