রামুতে সিএনজিতে তল্লাশি: ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করে। সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উখিয়ার বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়।

এ সময় সিএনজির চালক মোঃ রুবেল (২৫)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো অবৈধ মালামাল থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে বিজিবি সদস্যরা সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহাতাব উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালনকালে বিজিবি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির