‘গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৪:৩৯ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে নিরাপত্তা, শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাটের বাইরে বা সড়কে গরুর গাড়ি কিংবা পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি, জোরজবরদস্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কোরবানির পশুর হাটের নিরাপত্তা, কাঁচা চামড়া সংগ্রহ ও পরিবহন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। জাল টাকা শনাক্তে ডিএমপির পক্ষ থেকে প্রতিটি পশুর হাটে বিশেষ মেশিন রাখা হবে। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে সড়ক খোঁড়াখুঁড়ি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করারও আহ্বান জানান ডিএমপি কমিশনার।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, জেলা প্রশাসন, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং রাজধানীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত প্রদান করেন।

আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা হবে: ডিএমপি কমিশনার

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।