মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করলো ডিএমপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে অবৈধভাবে পশু রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় এবং সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে দিয়াবাড়ি পশুর হাটে ব্যাপক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে বিপুল সংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর উপস্থিতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির উত্তরা বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে সড়ক দখলমুক্ত করে এবং যান চলাচল স্বাভাবিক রাখে।

আরও পড়ুন: পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির

এ ঘটনায় হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।