পদোন্নতি বঞ্চিত হয়ে স্বেচ্ছায় অবসর চান সিআইডি প্রধান আকবর আলী

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১১:০৪ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি বঞ্চিত হয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আকবর আলী খান।

ডিআইজি আকবর আলী খান বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন অফিসিয়ালি পাঠিয়েছেন। আবেদনটি সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রশাসন এএনএম হুমায়ুন কবির পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) বরাবরে অগ্রপ্রেরণ করেছেন।

আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত

সিআইডির বিশেষ পুলিশ সুপার অগ্রবর্তী আবেদনে উল্লেখ করেছেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, জনাব আকবর আলী খান, বিপি-৬৭৯৫১০৮১৭৩, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) এবং ভারপ্রাপ্ত সিআইডি প্রধান, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা স্বেচ্ছায় অবসর গ্রহণপূর্বক ০২/০৭/২০২৬ খ্রি. তারিখ হতে ০১ (এক) বছরের পিআরএল মঞ্জুরের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদন করেছেন। তাঁর দাখিলকৃত আবেদন এতদসঙ্গে প্রেরণ করা হলো।

এমতাবস্থায় বর্ণিত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা মোতাবেক ঐচ্ছিক অবসর গ্রহণ এবং ০২/০৭/২০২৬ খ্রি. তারিখ হতে ০১ (এক) বছরের পিআরএল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের পাঁচজন ডিআইজিকে বৃহস্পতিবার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়। তাতে আকবর আলী খান পদোন্নতি পাননি।