এনইআইআর সংস্কারে সম্মতি, অবরোধ স্থগিত করল মোবাইল ব্যবসায়ীরা
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নীতিগত সম্মতি দেওয়ার পর চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের পর এই সিদ্ধান্ত জানায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বিটিআরসি সূত্র জানায়, এনইআইআর ইস্যুতে সব জটিলতা নিরসনে খুব শিগগিরই একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে থাকবেন অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবির প্রতিনিধি।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি প্রশাসক
ব্যবসায়ীরা আশা করছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর বাস্তবায়ন সংক্রান্ত সমস্যাগুলোর কার্যকর সমাধান বের হয়ে আসবে এবং বাজারে স্বাভাবিকতা ফিরবে।
এমবিসিবি সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছি। আজ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর তার আশ্বাসে অবরোধ স্থগিত করেছি। অর্থ উপদেষ্টা দেশে না থাকায় আপাতত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অবরোধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত দুই
তিনি আরও বলেন, “আমরা এনইআইআরের বিরুদ্ধে নই, কিন্তু বাজার উন্মুক্তকরণ ও এলসি সহজীকরণ জরুরি। তা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে। প্রয়োজন হলে অনলাইন–অফলাইন সব জায়গায় মোবাইল বিক্রি বন্ধ করা হবে।”
সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, “বিটিআরসি জানিয়েছে—দেশের যেকোনো স্থান থেকে আমদানিকৃত সব মোবাইলই লিস্টেড করা হবে। আমদানি প্রক্রিয়াও সহজ করা হবে। শুল্ক কমানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। অর্থ সচিবের সঙ্গেও কথা হবে।”
এছাড়া তিনি জানান, “ট্যাক্স নিয়ে সমঝোতা না হলে এনইআইআরের বাস্তবায়ন পেছাতে হবে—এ বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান জানিয়েছি। ৯ ডিসেম্বর বিটিআরসি ও এমবিসিবির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে।”
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিটিআরসি ঘেরাও
রোববার সকাল ১০টা থেকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’-র ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ। রাত ৯টা পর্যন্ত ব্যবসায়ীরা বিটিআরসি চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার কথা। এতে অনিবন্ধিত, চুরি হওয়া বা অনুমোদনবিহীন মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ব্যবসায়ীরা টানা আন্দোলনে ছিলেন।





