আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান
এতে একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শাহবাগ মোড়ে পুলিশ অবস্থান নেয়। এখন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর পুলিশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত ওসি-এসআই
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এইদিন দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
আরও পড়ুন: তেজগাঁও-মহাখালী সড়ক অবরোধ, তীব্র যানজট
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা হন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।





