পুরান ঢাকায় এসির গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয়দের ধারণা, বাসার ভেতরে এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা আক্তারের ২০ শতাংশ এবং মোহাম্মদ সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। তিনজনকেই ভর্তি করা হয়েছে এবং সেলিমের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় বিকট শব্দে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি দেয়ালের অংশ ভেঙে পাশের একটি টিনশেড ঘরের ওপর গিয়ে পড়ে। পরে এলাকাবাসী বাসার ভেতর থেকে একাধিক এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।





