সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে নিহত ২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৩৬ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ব্যস্ত নদীবন্দর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে অন্তত দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রী ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি প্রশাসক

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চে ছোট ট্রলারের মাধ্যমে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এসে লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের মাঝখানে থাকা ট্রলারটি চাপে পড়ে এবং এতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত দুই

দুর্ঘটনার পরপরই সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নৌ-পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এ সময় গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।