জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি প্রশাসক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩৯ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

আরও পড়ুন: ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত দুই

তিনি জানান, ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভিআইপি ব্লকে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারীর নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মো. আব্দুস সালাম আরও বলেন, মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ ময়দানে অজুর ব্যবস্থা, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

আরও পড়ুন: সায়দাবাদ পানি শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন নতুন ওয়াসা এমডির

তিনি জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান গেট রাখা হয়েছে। এছাড়া নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও আলাদা প্রবেশপথের ব্যবস্থাও করা হয়েছে।