ধানমন্ডিতে ডিএসসিসির মোবাইল কোর্ট, বখাটে উচ্ছেদ ও অবৈধ ব্যবসায়ীদের জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: রামিসার শোকাহত মায়ের চিকিৎসা অব্যাহত, পাশে থাকার আশ্বাস বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের

অভিযান চলাকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে রাস্তা ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫টি মামলা দায়ের করা হয় এবং মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নগরীর ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।