শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে দুই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের একজনের আনুমানিক বয়স ৬০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৫৫ বছর।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের এলাকা থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার, উদ্বোধনের দিনেই শোরুমে হামলা-লুটপাট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত তিন ব্যক্তির কারও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে ছিলেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।