ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১:৩৮ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ট্রাফিক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কয়েক দিনের টানা বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। সোমবার সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে গেছে এবং কোথাও কোথাও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

ট্রাফিক পুলিশ জানায়, বনানী কবরস্থানের পেছনের ঢাকা গেট–সংলগ্ন মূল সড়কের উভয়মুখী অংশে জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বনানী–কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্পে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এ ছাড়া ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আরও পড়ুন: টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই মাঠে ডিএসসিসি

অন্যদিকে, যমুনা ফিউচার পার্ক–সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই এলাকাতেও যান চলাচল ধীরগতির রয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক পুলিশ নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার, গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। ফলে জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।