থানায় জিডি মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের
শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্র আন্দোলনে ভাইরাল সুহি বহিষ্কৃত ছাত্রী
চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহিকে শৃঙ্খলাজনিত কারণে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় করা এক সাধারণ ডায়েরিতে (জিডি) কলেজ কর্তৃপক্ষ জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে শৃঙ্খলাজনিত কারণে রুবাইয়া মেহজাবিন সুহিকে প্রতিষ্ঠান থেকে টিসি দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো আইনগত অধিকারও তার নেই।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
জিডিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন নিয়ে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে তুরাগ থানায় সাধারণ ডায়েরিটি দায়ের করেন। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে জিডিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।





