ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবি

মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে তাদের কর্মসূচির কারণে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ নম্বর ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে কর্মস্থলগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন: মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে তাদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা জানান, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথ বা ডাইভারশন ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। দুপুরের দিকে তারা মিরপুর-১০ এলাকা ছেড়ে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালান।

পরে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।