শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৫ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবলে এলো স্বস্তির জয়। সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে হামজা-জামালরা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পর উল্লাসে মেতে ওঠেন গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকরা।

এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তাদের পরিবর্তে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটান।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে হেরে ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেন হামজা। তার নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর হামজার ক্রস থেকে লঙ্কান গোলরক্ষক পেরেরার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সামিত সোম। ফিরতি শটে জালে বল পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।

প্রথম গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের আক্রমণ ও মাঝমাঠের চাপ সামলাতে হিমশিম খেতে হয় তাদের। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ইব্রাহিমের বাড়ানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি।

আরও পড়ুন: হামজা-সামিতের গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে আলো ছড়ান ফারহান আলী ওয়াহিদ। ম্যাচের ৫৪ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন তিনি। এরপর আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান। তার এই নান্দনিক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তিন গোলে এগিয়ে যাওয়ার পর দলের একাধিক খেলোয়াড় পরিবর্তন করেন কোচ থমাস ডুলি। মাঠে নামানো হয় ফাহিম, জামাল, সুকি, রহমত ও হৃদয়কে। জামাল মাঠে নামলেও অধিনায়কের আর্মব্যান্ড ছিল হামজার হাতেই। পুরো ম্যাচ খেলেন এই মিডফিল্ডার।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের আক্রমণ অব্যাহত থাকে। ৮৭ মিনিটে গোলরক্ষক পেরেরার সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে বল তার মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।