রাজধানীর আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন

নিহত ব্যক্তির নাম নাঈমুর রহমান (২৬)। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

শুক্রবার ভোর ৪টার দিকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক হোটেল ব্যবস্থাপক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চকবাজারে ৬ তলা ভবনের প্লাস্টিকের গোডাউনে আগুন

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়।

পুলিশ কর্মকর্তা আল আমিন জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। আর হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।