নেত্রকোণায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
নেত্রকোণার মোহনগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার সকালে পৌর শহরের মাইলোড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের
গ্রেফতার আমিরুজ্জামান সেলিম পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান
গত ১১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
এ মামলায় এর আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন ও যুবলীগ নেতা গোলাম রব্বানীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে আমিরুজ্জামান সেলিমের গ্রেফতারের ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সেলিম শারীরিকভাবে অসুস্থ এবং কিছুদিন আগে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। এ অবস্থায় কারাগারে থাকলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। অসুস্থ অবস্থায় তাঁকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারাও।





