আবারও কমল স্বর্ণের দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে টানা চার দিন ধরে কমছে স্বর্ণের দাম

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমল সোনার দাম

সর্বশেষ সিদ্ধান্তের ফলে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমল।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা করা হয়েছে।

বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা বিক্রির মূল্য কার্যকর হয়েছে।