নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪, উদ্ধার ইয়াবা
তিনি জানান, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।





