১৩টি শিল্প দক্ষতা পরিষদকে ১ কোটি টাকার অফিস ও প্রযুক্তি সরঞ্জাম সহায়তা প্রদান করলো এনএসডিএ
শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের কার্যক্রমকে আরও কার্যকর ও শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান করেছে। এই উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার করা এবং আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় সরবরাহকৃত সরঞ্জামগুলো এনএসডিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইএসসিগুলোর প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: এলপি গ্যাসের দামে আবারও বড় লাফ
প্রধান অতিথি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মুখ্য সচিব জনাব এম. সিরাজ উদ্দিন মিয়া, অনুষ্ঠানে বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও শ্রমমুখী করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা হবে।
সভাপতির বক্তব্যে এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, “এনএসডিএ শিল্প–সংযোগভিত্তিক একটি সমন্বিত এবং টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করছে। আইএসসিগুলিকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তি সরঞ্জাম প্রদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। এটি সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়নকে শক্তিশালী করবে।”
আরও পড়ুন: কমলো সোনার দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
প্রদত্ত সরঞ্জামের মধ্যে রয়েছে: ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার, ওয়াইফাই রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, ইউপিএস, কনফারেন্স সাউন্ড সিস্টেম, ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল এবং অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অফিস সরঞ্জামাদি।
উক্ত অনুষ্ঠানে আইএসসিগুলোর প্রতিনিধিসহ এনএসডিএর সদস্য, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প দক্ষতা পরিষদসমূহ শিল্পখাতের দক্ষতা চাহিদা নির্ধারণ, দক্ষতা মান ও প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনএসডিএর এই উদ্যোগ বাংলাদেশের শিল্প–সংযোগভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও সুসংহত এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





