আবার কমলো সোনার দাম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৮০৭ টাকা কমে ২ লাখ ২০০ টাকা ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিনির্ধারকদের আরও সতর্ক হতে হবে

এর আগে গত ২৩ এপ্রিলও ভালো মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তার মাত্র পাঁচ দিনের মাথায় আবারও দাম কমানো হলো। এরও আগে ১৫ এপ্রিল ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা স্বস্তি এসেছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২৩৩ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটে ২৩৪ টাকা কমে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটে ১৭৫ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১১৬ টাকা কমে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আবার কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৬ হাজার

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-যোগানের ওপর ভিত্তি করেই এ ধরনের সমন্বয় করা হচ্ছে।