আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমেছে। ফলে এখন থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।

আরও পড়ুন: দাম বাড়ল সিগারেটের

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের বাজারদর কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ৯৩৩ টাকা। এতে এ মানের প্রতি ভরির নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরিতে ৭০০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

আরও পড়ুন: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এর আগে গত ৬ সেপ্টেম্বরও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা করা হয়। একইভাবে ২১ ক্যারেটের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা হয়েছিল। বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দরেই গহনা বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা হবে। যেহেতু বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রি বা পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের সময় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণের এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।