আন্দোলন নয়, পড়ার টেবিলে ফিরতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে বেশি উদ্বিগ্ন। কোনো কেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল দেওয়ান আহনাফ রহমান

পরীক্ষা নিয়ে সৃষ্ট অসন্তোষ ও শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। সংশ্লিষ্ট দপ্তরের অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতির অবনতি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক মনিটরিং শুরু করে।

তিনি জানান, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে পানি প্রবেশের খবর পাওয়া মাত্র স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক সেমিনার

কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কিছু কেন্দ্রে পানি উঠলেও দ্রুত ব্যবস্থা নিয়ে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এরপরও যদি প্রশাসনের কোনো গাফিলতির কারণে কেউ পরীক্ষা দিতে না পারে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তথ্য যাচাই করে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ ব্যবস্থা নেওয়ার মতো প্রয়োজন হলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে না। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।