নরসিংদীতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাতের হামলায় আহত ৩

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ৩ জন গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (১১ জুলাই) সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানাধীন কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘির পাড় এলাকায় একই সময়ে এক দল ডাকাত ৩টি বাড়িতে একযোগে হানা দিয়ে স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এসময় তারা তিনজনকে কুপিয়ে গুরুত্বর আহত করেন। ডাকাতি শেষে ডাকাত দল বেশকয়েকটি হাতবোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। 

এবিষয়ে ভুক্তভোগী মিনহাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার বিবরণও দিয়েছেন। তা নেট দুনিয়া রিতীমত আলোড়ন সৃষ্টি করেছে।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় ৫ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ যানবাহন

মিনহাজুল ইসলাম জানান, শুক্রবার  রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল প্রথমে তার বাড়ির গেইট টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভেতরের গেইটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢোকায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতরা সরাসরি তার ঘরে ঢুকে পড়ে। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাত দলকে বাধা দিতে গেলে ৩ জনকে কুপিয়ে জখম করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায়  আতঙ্ক সৃষ্টি করে। 

এবিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ডাকাতরা ডাকাতি শেষে এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ এখনও কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।