ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি-আলোচনা সভা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন: সিলেটে প্রবাসীর জায়গা দখলের চেষ্টা: জনতার ধাওয়ায় গাড়ি ও অস্ত্র ফেলে পালাল বহিরাগতরা

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম বলেন, পরিবেশ রক্ষায় বিচ্ছিন্ন উদ্যোগে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি পরিবারকে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, ফেনীর সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ। ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন।

আরও পড়ুন: কুলাউড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ. এস. এম. সৌরভ আল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন।

এ সময় জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরেফিন, সামাজিক বন বিভাগের কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব হুমায়ুন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার শাহজাদা, ব্র্যাকের কো-অর্ডিনেটর ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।