৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক
জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা তিন ঘণ্টা অবরোধের পর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়ে দিয়েছেন। ফলে পল্টন থেকে প্রেস ক্লাবগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টার পর শিক্ষকরা অবরোধ তুলে নেন। এ সময় তারা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার
এর আগে শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে। তবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিনিধি দলের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। আমরা ভেবেছিলাম অন্তত সৌজন্যমূলক আচরণ পাব, কিন্তু তিনি দেখা না করে অসম্মানজনক আচরণ করেছেন; যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।”
আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো
তিনি এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
শিক্ষক নেতারা জানান, চলতি বছরের ২৮ জানুয়ারিতে দেওয়া জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। এছাড়া এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন করার দাবি জানান তারা।
এ ছাড়া শিক্ষকরা অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদরাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি, এবং ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপনের দাবি জানান।





