ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও শ্রম অভিবাসন নিয়ে দিনব্যাপী সেমিনার

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘A Study on the Foreign Policy of Bangladesh to Address the Challenges of Globalization in the Domains of National Security, Climate Change and Labor Migration’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিভাগটির সৈয়দ ইমতিয়াজ আহমেদ কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের Higher Education Acceleration and Transformation (HEAT) Project–এর সহযোগিতায় আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিট প্রজেক্টের এএসপিএম অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস।

আরও পড়ুন: জবি ইউট্যাবের নতুন সভাপতি নাসির উদ্দিন, সম্পাদক নাছির আহমাদ

সেমিনারের আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হুসাইন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার রাহনুমা সালাম খান, ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান এবং বিএনএসকে’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুমাইয়া ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ক্রমেই বাড়ছে। প্রবাসে মর্যাদাপূর্ণ ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

তিনি আরও বলেন, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের আগ্রহ বাড়াতে নীতিগত সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। বৈশ্বিকীকরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সুশৃঙ্খল শ্রম অভিবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জাতীয় নিরাপত্তা ইস্যুগুলোতে সমন্বিত পররাষ্ট্রনীতি প্রণয়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শ্রম অভিবাসন ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও নীতিনির্ধারণে সমন্বিত উদ্যোগ জোরদারের সুপারিশ করা হয়।