স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় নিহত নেতার সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনাকে “ন্যাক্কারজনক হত্যাকাণ্ড” আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, সরাসরি গুলি করে হত্যার ঘটনা নতুন নয়; বরং সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি উদ্বেগজনকভাবে বেড়েছে। এর আগে যশোরে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। একই সঙ্গে রাজধানীতে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনাও দেশবাসীকে নাড়া দিয়েছে।
আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে এ ধরনের সহিংসতা অনাকাঙ্ক্ষিত এবং গভীর উদ্বেগের বিষয়। সংগঠনটি অভিযোগ করে, এসব ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের, বরং এটি বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, বহুল প্রত্যাশিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ভণ্ডুল করতে পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো সেই ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করে সংগঠনটি।
আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত
এ অবস্থায় ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালনের দাবি জানিয়েছে।





