লিফটে আটকা পড়লেন ৪ শিক্ষার্থী, আধাঘণ্টা পর উদ্ধার

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ১১:১৮ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ৪ শিক্ষার্থীকে লিফটে আটকে পড়ার আধাঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০টার দিকে একাডেমিক ভবনে এই ঘটনা ঘটে।

জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে সচল অবস্থায় লিফট ভবনের ৩য় তলা এবং ৪র্থ তলার মাঝামাঝি অবস্থানে কার্যকর ক্ষমতা হারিয়ে বন্ধ হয়ে যায়। এসময় লিফটে মোট ৪ জন শিক্ষার্থী আটকা অবস্থায় ছিলেন। লিফটের জরুরি বাটন চাপলে বাইরে থাকা শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীরা উদ্ধারের জন্য এগিয়ে আসেন। উদ্ধারকাজে অন্তত আধাঘণ্টা সময় লাগে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

লিফটে আটকে পড়া আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী কণা রানী মণ্ডল বলেন, ‘ক্লাস শেষে একাডেমিক ভবনের নিচে নামার জন্য লিফটে উঠি। চলন্ত অবস্থায় হঠাৎ লিফট আটকে যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়ি, লিফট যেন আবার ছিঁড়ে নিচতলায় পড়ে না যায়। লিফট অনেক ঝাঁকুনি দিচ্ছিল। আমরা লিফটে থাকা হেল্প বাটনে বারবার ক্লিক করলে বাইরে অ্যালার্ম বেজে ওঠে এবং খোঁজ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্টরা আমাদের উদ্ধারে এগিয়ে আসে।’

ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা লিফটে প্রায় ৩০ মিনিট আটকে ছিলাম। পায়ে ব্যথাও পেয়েছি। সেই সময় মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল।’

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থীকে অর্থদণ্ড, নোটিশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লিফটে প্রায়ই হঠাৎ করেই এমন সমস্যা দেখা যায়। এতে আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়।’

তবে শিক্ষার্থীদের অভিযোগ, ‘বিশ্ববিদ্যালয়ের ছয়তলা ভবনে প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থীর প্রতিদিন যাতায়াত, অথচ পুরো ভবনের জন্য চালু রয়েছে মাত্র একটি লিফট। ফলে সকাল থেকেই শুরু হয় দীর্ঘ লাইন। অফিস সময় ও ক্লাস শুরুর আগে লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।’

‘দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র লিফটটি নানা ত্রুটিতে ভুগছে। মাঝেমধ্যে লিফট বন্ধ হয়ে যাওয়া, ধীরগতিতে চলা কিংবা হঠাৎ থেমে যাওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। দ্বিতীয় একটি লিফট স্থাপনের জন্য ভবনে জায়গা নির্ধারণ করা থাকলেও এখনো সেটি বসানো হয়নি। ফলে একটি লিফটের ওপরই পুরো ভবনের চাপ পড়ছে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে আজ লিফটের এ সমস্যা দেখা দিয়েছে। লিফটটি পুরোনো হওয়ায় মাঝে মাঝে এমন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বর্তমানে লিফটের সার্ভিসিং কার্যক্রম চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি সমাধান করে লিফট সচল করা হবে।’