বাকৃবিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বৈত ডিগ্রি নীতিমালা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চশিক্ষা খাতে যৌথ অংশীদারিত্ব এবং দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) কর্মসূচি চালুর লক্ষ্যে জাতীয় নীতিমালা কাঠামো প্রণয়নের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: শুধু উচ্চশিক্ষা নয়, ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও ডিগ্রি অর্জনের নতুন সুযোগ পাবে, যা উচ্চশিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
মতবিনিময় সভায় মূল আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রোগ্রাম অ্যানালিস্ট এবং ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুম্পা। তিনি দ্বৈত ডিগ্রি কর্মসূচির আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো, আন্তর্জাতিক মানদণ্ড এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতায় ঢাবি-ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, শিগগিরই স্বাক্ষরিত হবে সমঝোতা স্মারক
জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে যৌথভাবে ড. গ্রেস মুকুম্পা বাংলাদেশে দ্বৈত ডিগ্রি কর্মসূচির জন্য একটি জাতীয় নীতিমালা কাঠামো প্রণয়নে কাজ করছেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই তিনি বাকৃবিতে এ মতবিনিময়ে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রোক্টর, রেজিস্ট্রার, ট্রেজারার এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। সভা শেষে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে দ্বৈত ডিগ্রি কর্মসূচি বিষয়ে আলাদা মতবিনিময় অনুষ্ঠিত হয়।





