ঢাবির কার্জন হলে ডায়াবেটিক অ্যাম্পুটেশন প্রতিরোধে প্রযুক্তিনির্ভর কর্মশালা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৭:৪৯ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডায়াবেটিসজনিত কারণে পা কেটে ফেলার (অ্যাম্পুটেশন) ঝুঁকি কমাতে প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Foot Pressure Scan to Prevent Diabetic Amputation’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ এবং বাইবিট লিমিটেডের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা ডা. আউয়ালের

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে এম তালহা নাহিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন বাইবিটের সভাপতি অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী।

আরও পড়ুন: ঢাবিতে ডায়াবেটিক অ্যাম্পুটেশন প্রতিরোধে ‘ফুট প্রেসার স্ক্যান’ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বারডেম হাসপাতালের ডা. রাশেদুল ইসলাম এবং সিআরপির ডা. এস এম ইমরান শোয়েব ডায়াবেটিক অ্যাম্পুটেশন প্রতিরোধে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এতে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসাকর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ডায়নামিক পেডোগ্রাফ যন্ত্রের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। একই সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ডায়াবেটিসজনিত কারণে রোগীর পা বা আঙুল কেটে ফেলার প্রয়োজনীয়তা কমানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ২০১০ সালে স্বল্প খরচে আধুনিক ‘কম্পিউটারাইজড ডায়নামিক পেডোগ্রাফ’ যন্ত্র উদ্ভাবন করে।

এ প্রযুক্তিসহ বিভাগের উদ্ভাবিত অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা-সংশ্লিষ্ট যন্ত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় বাইবিট লিমিটেড। বর্তমানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ পর্যন্ত ১৩টি কম্পিউটারাইজড ডায়নামিক পেডোগ্রাফ যন্ত্র স্থাপন করা হয়েছে।