প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে এসএমএস ও অনলাইনে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ রবিবার (১২ জুলাই)। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।
আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানায়, ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তা অনলাইনে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানা যাবে। উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
আরও পড়ুন: তীব্র বৃষ্টিতে জলবদ্ধ ঢাবি, বিপাকে শিক্ষার্থীরা
এছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সাবমিট বা ফল দেখুন বাটনে ক্লিক করলে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।
উল্লেখ্য, ৩ বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে আবারও বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৪ এপ্রিল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি দেওয়া হবে ৩৩ হাজার শিক্ষার্থীকে। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। যেখানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবেন।





