তীব্র বৃষ্টিতে জলবদ্ধ ঢাবি, বিপাকে শিক্ষার্থীরা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫২ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ও একাডেমিক এলাকা। 

আজিমপুর এলাকাতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হল কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হল এবং সমাজকল্যাণ ইন্সটিটিউট বরাবরের মত এবারও পানিবন্দি। নোংরা পানির ভিতর দিয়েই ক্লাস-পরীক্ষায় অংশ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে তীব্র বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শহিদুল্লাহ হল, সেন্ট্রাল ফিল্ড এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিতরের রাস্তাগুলোতেও।

আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহবুব হাসান এর সাথে কথা বললে তিনি জানান, "গতকাল রাত থেকে শুরু হওয়ার তুমুল বৃষ্টিপাতে ক্যাম্পাস পানির নিচে তলিয়ে গেছে। প্রায় প্রতিটি বৃষ্টিপাতেই ফজিলাতুন্নেছা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হল জলাবদ্ধতার শিকার হয়। কিন্তু প্রশাসন কিংবা ডাকসু কেউই এই ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। নোংরা পানি ঠেলেই ক্লাসে অংশগ্রহণ করতে হচ্ছে এইসব শিক্ষার্থীদের। ঢাবি শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য চরম হতাশার।"

এ বিষয়ে ডাকসু প্রতিনিধিরা জানান জলাবদ্ধতার সংকট কাটাতে কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য একাধিক বাস ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক জলবদ্ধতা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ডাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ আশা করেন বলে জানান তারা।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী