রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

Any Akter
শাহরিয়ার ইসলাম, ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীবের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা রামদা, চাপাতি ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আগামীর সময়ের চার সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেছে সংগঠনটি।

আরও পড়ুন: গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

জাতীয় ছাত্রশক্তি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাংবাদিকদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাতের বহিঃপ্রকাশ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের কণ্ঠরোধের যে সংস্কৃতি তৈরি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তারই ধারাবাহিকতা। বিএনপির গণমাধ্যম দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং ছাত্রদলের নেতা-কর্মীদের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা পুরোনো সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি থেকে বের হতে পারেনি বলেও দাবি করা হয়।

আরও পড়ুন: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় ছাত্রশক্তি আরও বলেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, অস্ত্রধারী কর্মকাণ্ড ও দখলদার রাজনীতির সুযোগ থাকবে না। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়ে মতপ্রকাশের স্বাধীনতা রোধের দিন শেষ হয়ে গেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় হামলায় নেতৃত্বদানকারী রাবি ছাত্রদল নেতা এম আহসান হাবীবসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে ক্যাম্পাসে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছে সংগঠনটি।