স্বামী বেড়াতে না নেওয়ায় বিবাহবিচ্ছেদের আবেদন, যা বলল আদালত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বামী অবসর সময়ে তাকে নিয়ে বাইরে ঘুরতে বা বেড়াতে যেতে চান না—এমন অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ বিভাগে এসে অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্ত্রীকে নিয়ে বাইরে ঘোরাঘুরি কিংবা কোথাও ভ্রমণে যাওয়ার ব্যাপারেও তার তেমন আগ্রহ নেই।

আরও পড়ুন: ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, নতুন দায়িত্বে হামিদ বোভার্ড

তবে স্বামীর অন্য কোনো নেতিবাচক দিকের কথা বলেননি ওই নারী। বরং তিনি স্বামীকে উদার, ধৈর্যশীল ও ভদ্র মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তারপরও বাইরে যাওয়া ও বিনোদনের বিষয়ে স্বামীর অনাগ্রহে তিনি হতাশ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

পারিবারিক পরামর্শ বিভাগের কর্মকর্তারা ওই নারীকে বিষয়টি নিয়ে আরও ভাবার পরামর্শ দেন। তাদের মতে, এ ধরনের ছোটখাটো মতপার্থক্যের কারণে সরাসরি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রয়োজনে স্বামী বাইরে যেতে আগ্রহী না হলে তিনি যেন ভাই-বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবসর কাটাতে বা ঘুরতে যান—এমন পরামর্শও দেওয়া হয় তাকে।

আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

ড. আল রাইসি বলেন, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পছন্দ, অভ্যাস ও জীবনযাপনের ধরনে কিছুটা পার্থক্য থাকা স্বাভাবিক। তবে প্রতিটি মতবিরোধের সমাধান বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়।

বড় ধরনের সংকট বা নির্যাতনের মতো গুরুতর বিষয় না থাকলে ছোটখাটো পছন্দ-অপছন্দের অমিলকে আইনি বিরোধে না নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে দাম্পত্য সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।