গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত, সৌন্দর্যবর্ধনে ১০ গুণীর গ্রাফিতি

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ালেই হবে না, নারীর সার্বিক ক্ষমতায়নও নিশ্চিত করতে হবে। ভোটার হওয়ার পাশাপাশি নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায় এবং বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোতেও নারীর দৃশ্যমান অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, শুধু আইনি বাধ্যবাধকতার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।

আরও পড়ুন: সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ নারীর অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ে সরাসরি কাজ করার ওপর জোর দেন। তিনি বিশেষ করে গ্রাম ও উপকূলীয় এলাকার নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তার কথা বলেন।

তাহমিদা আহমদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে নারীদের অবাধ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, নারী ভোটারের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা এখনো কম। তাই নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ প্রয়োজন।

সমাপনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ও বিশ্বাসযোগ্য করতে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচনের প্রতিটি ধাপে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।