ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই শিক্ষার্থী গবেষণা পুরস্কার এবং ছয় শিক্ষার্থী গবেষণা বৃত্তি পেয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের অনেকের অবদান ও সহযোগিতা থাকে। শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে এসব অবদানের প্রতিদান দিতে হবে।

তিনি আরও বলেন, সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব ও অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

উপাচার্য বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা সম্ভব। এ জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার পেয়েছেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি। অন্যদিকে, গবেষণা বৃত্তি পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুযযাম্মিল হক।