ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সের উন্নয়নে জর্ডানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার আলোচনা

Shahrier Islam Pallab
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি ভাষা শিক্ষা কোর্সের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা সনদ প্রদানের বিষয়ে জর্ডানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফার সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাতে এ আলোচনা হয়।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়কে শহীদ জিয়ার মূল লক্ষ্য ও আদর্শে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য

অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা ‘আত-তানাল আল-আরাবি’ নামের আরবি ভাষা দক্ষতা যাচাই পরীক্ষার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাক্ষাৎকালে তাঁর সঙ্গে ছিলেন ইলানুর ইনস্টিটিউটের মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ, ইলানুর এডিফিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) এ কে এম আহসান হাবিব এবং প্রতিষ্ঠানটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুজ্জামান।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘আত-তানাল আল-আরাবি’-এর মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক আরবি ভাষা দক্ষতা সনদ প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ, আরবি ভাষার পাঠ্যক্রম ও মূল্যায়ন কাঠামো উন্নয়ন এবং দক্ষতা যাচাই পরীক্ষার আয়োজন। এ ছাড়া ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ‘আত-তানাল’ পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

অধ্যাপক আবদেলরাউফ জুহদি বলেন, বাংলাদেশে আরবি ভাষাকে কার্যকর দ্বিতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা এবং আরবি ভাষা শিক্ষকদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বাড়ানো তাঁদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। আন্তর্জাতিক মানদণ্ডে আরবি ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে গত ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে ‘আত-তানাল আল-আরাবি ইউনিভার্সিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ শুরু হয়েছে বলেও জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ‘আত-তানাল আল-আরাবি’-এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের ভালো বেতনে ও উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আরবি ভাষার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিদের ধন্যবাদ জানান উপাচার্য।